প্রতিটি গর্ভবতী মহিলাকে হাসপাতালে প্রসবের জন্য উৎসাহিত করা উচিত। প্রসবের সময় নানা রকম জটিলতা দেখা দিতে পারে। অনেক সময় জটিলতা আগে থেকে আঁচ করা যায় না। এ থেকে মায়ের অথবা শিশুর মৃত্যু হতে পারে৷ জরুরি চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্রে কর্মী, যন্ত্রপাতি ও ওষুধের ব্যবস্থা আছে। তা ছাড়া, কোনও কোনও ক্ষেত্রে অন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন থাকলে তার ব্যবস্থাও করা হয়৷ জরুরি অবস্থায় কারা সাহায্য করতে পারে তাদের চিনে রাখুন। গর্ভবতী মহিলার সন্তানদের দেখাশোনা, বাড়ির দেখাশোনা, গাড়ির ব্যবস্থা করা, জরুরি অবস্থায় মহিলাটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করতে এই মানুষগুলিকে প্রয়োজন। নিকট আত্মীয় অথবা গোষ্ঠীভিত্তিক স্বাস্থ্য সংস্থাগুলির (যেমন, অঙ্গনওয়াড়ি কর্মী ও প্রশিক্ষিত ধাই) থেকে সাহায্য চান৷