সুরাপানজনিত সমস্যাগুলির মধ্যে এই বিষয়টি বিশেষ ভাবে উল্লেখ করা প্রয়োজন। দীর্ঘকাল ধরে নিয়মিত মস্তিষ্ক উচ্চমাত্রায় সুরার প্রভাবের মধ্য থেকে হঠাৎ সেই মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেলে বা অনুপস্থিত হলে, এই ধরনের প্রতিবর্তী ক্রিয়াজনিত নানা লক্ষণ উপসর্গ দেখা যায়। এর মধ্যে রয়েছে হাত কাঁপা, বিরক্তির ভাব, উদ্বিগ্ন অবস্থা, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অস্বভাবী ক্রিয়াশীলতার কারণে শ্বাসের হার বৃদ্ধি, দ্রুত নাড়ি স্পন্দন, দেহের তাপমাত্রা বৃদ্ধি ইত্যাদি। এ ছাড়া রোগীর নিদ্রাহীনতাও দেখা যায়। এই ধরনের প্রতিবর্তী ক্রিয়া সুরাপান থেকে বিরত থাকার পাঁচ থেকে দশ ঘণ্টার মধ্যে শুরু হয় এবং তা তীব্র অবস্থায় পৌঁছয় দুই থেকে তিন দিনের মধ্যে আর চার থেকে পাঁচ দিনের মধ্যে এই অবস্থার কিছু উন্নতি ঘটে। তবে উদ্বিগ্ন অবস্থা, অনিদ্রা ও অন্যান্য কিছু অতীব্র সমস্যা চার থেকে ছয় মাস পর্যন্ত স্থায়ী হয়। এই অবস্থায় ব্যক্তির সুরাপানের প্রবণতা বেড়ে যায়। এই ধরনের তীব্র অবস্থায় পাঁচ শতাংশ কম ব্যক্তির এক ধরনের ভয়ঙ্কর জীবনহানিকর প্রলাপ-বিকার (delerium tremens) দেখা যায়, যা সাধারণত অত্যধিক সুরাসক্ত হওয়ার কারণেই ঘটে। সাধারণত যে সকল ব্যক্তি পূর্ব হতেই নানা রোগে ভুগছেন তাঁদের এই ধরনের সমস্যা বেশি দেখা যায়।