এই প্রসঙ্গে কালাজের কামড়ের বিষয়টি প্রণিধানযোগ্য। এই আপাত নিরীহ সাপটি মানুষের বসবাসের স্থলে বেশি দেখা যায় এবং রাত্রে বিছানার মধ্যে এটি নিঃশব্দে কামড় দিয়ে চলে যেতে পারে, ফলে বোঝার উপায় থাকে না কী কারণে রোগী অসুস্থ হয়ে পড়েছে। আর কালাজের এক মিলিগ্রাম বিষ এক জন পূর্ণবয়স্ককে মারার জন্য যথেষ্ট। সমগ্র সুন্দরবন অঞ্চল তথা সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনায়, কালাজ এক ভয়ংকর জনস্বাস্থ্যের সমস্যা তৈরি করেছে। এখানে সাপের কামড়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটে কালাজের কামড়ের কারণে। দীঘর্দিন পর্যবেক্ষণ করার পর নিশ্চিত হওয়া গেছে যে কালাজ কামড়ানোর পর এই ধরনের লক্ষণ-উপসর্গগুলি পর পর দেখা যায়। ১) পেটে ব্যথা, ঘুম থেকে জেগে ওঠা, এটি মাঝ রাতে বা ভোররাতে সাধারণত হয়। বাচ্চারা খুব কাঁদে। ২) গাঁটে গাঁটে ব্যথা, কখনও পেট ব্যথার সঙ্গে এটি থাকে। ৩) বার বার মলত্যাগের ইচ্ছা। ৪) তীব্র বমির ভাব, কখনও এর সঙ্গে মলত্যাগের ইচ্ছাও থাকে। ৫) সারা দেহে তীব্র ব্যথা, তা এমন হয় যে রোগী তার গায়ে হাত দিতে দেয় না। ৬) শ্বাসকষ্ট, বুকে যেন কেউ চেপে ধরেছে। শিশুরা ঝিমিয়ে পড়ে। ৭) গলায় ব্যথা। ৮) লালা ঝরা। ৯) চোখের উপরের পাতা পড়ে যাওয়া। রোগীরা এক বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থাকে। ফলে তারা তাদের কষ্টের কথা চিকিত্সককে ঠিকমতো বুঝিয়ে বলতে পারে না। চিকিত্সকরাও বিষয়টি সাপের কামড়ের কথা ভাবতে না পেরে বিভ্রান্তির মধ্যে পড়েন। ফলে বহু মূল্যবান জীবন অনেক সময় নষ্ট হয়ে যায়।