মুখ পরিচ্ছন্ন রাখুন — দুপুরে আর রাত্রে খাওয়ার পরে ব্রাশ করুন। আঙুল বা নিমের দাঁতন দিয়ে নয়, ভালো ব্রাশ ব্যবহার করুন। ব্রাশ দাঁতের উপর মোটামুটি ৪৫০ কোণ করে ধরুন। উপরের দাঁত ব্রাশ করুন উপর থেকে নীচ বরাবর। নীচের দাঁত নীচ থেকে উপরে। একই নিয়মে দাঁতের পিছন দিক পরিষ্কার করে, দাঁতের যে অংশ দিয়ে চিবোন, সেই জায়গাগুলি আড়াআড়ি ব্রাশ করুন। দু-তিন মাস বাদে ব্রাশ বদলে নেবেন। খারাপ ব্রাশে ভুল পদ্ধতিতে মাজলে দাঁত পরিষ্কার হয় না, মাড়ি দিয়েও রক্ত পড়তে পারে। ডেন্টাল ফ্লস, এক ধরনের নাইলনের সুতো, ঘষুন দাঁতের ধার ঘেসে। জমা খাবার বেরিয়ে আসবে। প্রক্সি ব্রাশ হচ্ছে এক ধরনের টুথ পিক। এর সাহায্যে দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা বার করে আনা যায়। দিনে দু-তিন বার নুন গরম জলে কুলকুচি করুন। প্রয়োজনে টুথপিক ব্যবহার করুন। প্রতি বার খাওয়ার পর কুলকুচি করবেন। এমন কী চা, সরবত বা ঠান্ডা পানীয় খেলেও। দাঁতে পাথর জমলে স্কেলিং করিয়ে নিন। ক্যারিস হলে ডেন্টিস্টের কাছে গিয়ে গর্ত ভরাট করে নিন। অন্য চিকিত্সাও লাগতে পারে। মাড়ি দিয়ে রক্ত পড়লে দাঁতের ডাক্তার দেখান। সামান্য কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিত্সকের প্রয়োজন হতে পারে। অন্য কোনও কারণে মুখে গন্ধ হয়েছে বলে মনে হলে সেই অসুখের চিকিত্সা করান। দামি টুথপেস্ট বা মাউথওয়াশের দরকার নেই। তথ্য : ডাঃ সুবীর সরকার