কাত হয়ে শুলে বা একদৃষ্টে তাকিয়ে থাকলে দু-এক ফোঁটা জল পড়ে অনেক সময়। জল পড়ে ধুলোবালি, ধোঁয়ার মধ্যে পড়লে, পেঁয়াজ কাটলে বা বেশি হাসলে। উজ্জ্বল আলোর দিকে খানিকক্ষণ তাকালে তো নির্ঘাত পড়বে। কিন্তু এ নিয়ে মাথা ঘামানোর মতো কিছু নেই। মাথা ঘামাতে হবে তখন, যখন — একটা চোখ দিয়ে অনবরত জল পড়ছে। চোখের কোণে পিচুটি জমছে। চোখ নাকের জংশনে চাপ দিলে জল বা গ্লিসারিনের মতো পিচুটি বেরোচ্ছে। চোখের কোণে ফুলে ব্যথা হচ্ছে। নেত্রনালির অসুখে এ রকম হয়। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান। দেরি হলে বিপদ হবে। আরও নানান ছোট বড় অসুখে চোখ দিয়ে জল পড়ে। যেমন কর্নিয়াল আলসার, কনজাংটিভাইটিস। সব ক্ষেত্রেই জল পড়া ছাড়া আরও সমস্যা থাকে, যা অবহেলায় মারাত্মক রূপ নিতে পারে। তথ্য : ডাঃ জ্যোতির্ময় দত্ত