উচ্চ রক্তচাপের তিনটে ভাগ। অল্প, মাঝারি, মারাত্মক। ১৪০/৯০ থেকে ১৫৯/১০৪-এর মধ্যে হলে উচ্চ রক্তচাপ অল্প মাত্রায় আছে। ১৬০/১০৫ থেকে ১৯৯/১১৪ মাঝারি এবং ২০০/১১৫ হলে মারাত্মক। মাঝারি এবং মারাত্মক উচ্চ রক্তচাপে ওষুধ খেতে হয়। সঙ্গে জীবনযাত্রার নিয়ন্ত্রণ। মৃদু উচ্চ রক্তচাপে দ্বিমত আছে। কিছু ক্ষেত্রে নিয়ম মেনে চললেই অবস্থা আয়ত্তে আসে। যেমন — ওজন ঠিক রাখা। নিয়মিত ব্যায়াম করা। দিনে দু-তিন কিলোমিটার একটানা হাঁটলেও কাজ হয়। পাতে নুন বন্ধ। রান্নায় কম নুন ব্যবহার করা। এবং যে সমস্ত খাবারে নুন বেশি আছে যেমন ফাস্টফুড, আচার, সসেজ, পাঁপড়, মুড়ি খাওয়া কমানো। যে খাবারে ওজন এবং কোলেস্টেরল বাড়ে, যেমন মিষ্টি আলু, ঘি, মাখন, ডালডা, ডিমের কুসুম, পাঁঠার মাংস, ভাজাভুজি, তৈলাক্ত খাবার যথাসম্ভব কম খাওয়া। মানসিক চাপ, টানাপোড়েন এড়িয়ে বাঁচতে শেখা। তামাকের নেশা ছেড়ে দেওয়া। মাত্রা রেখে মদ্যপান করা যেতে পারে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা। মাসে অন্তত দু’ বার রক্তচাপ মাপা। দিনের বিভিন্ন সময় রক্তচাপ বিভিন্ন হয়। মেশিন বদলালেও রক্তচাপ বদলাতে পারে। কাজেই একই মেশিনে, মোটামুটি একই সময়ে, শুয়ে অথবা বসে রক্তচাপ মাপবেন। প্রয়োজন হলে ওষুধ খাওয়া। কোনও প্রতিক্রিয়া হলে ডাক্তারকে জানানো। অন্য ওষুধ শুরু করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। সারা জীবন ওষুধ খেতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে এ রকম মানসিক প্রস্তুতি।