জনস্বাস্থ্যের সঙ্গে উপযুক্ত অনাময় ব্যবস্থার সম্পর্কটি যে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, সে সম্পর্কে প্রাথমিক স্তরের স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক তথা প্রবীণ নাগরিক—সকলকেই সচেতন করে তোলা একান্ত প্রয়োজন। স্কুল সহ সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং বৈদ্যুতিন ও মুদ্রণ মাধ্যম সহ সমস্ত সামাজিক প্রচার মাধ্যমকেই এই সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত করতে হবে, যাতে তৃণমূল স্তর পর্যন্ত এর বার্তা পৌঁছে দেওয়া যায়। উপযুক্ত ও কার্যকর স্বাস্থ্যবিধান নীতি গড়ে তুলতে যে সমস্ত বিষয়ের উপর বিশেষ ভাবে নজর দিতে হবে তার মধ্যে রয়েছে --- ১) জনসচেতনতার প্রসার ২) স্বাস্থ্যবিধির সামাজিক ও বৃত্তিগত বিভিন্ন দিক। ৩) প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধন। ৪) সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। ৫) প্রযুক্তির সর্বাধিক ও সর্বোচ্চ ব্যবহার ও প্রয়োগ। ৬) যাদের কাছে এখনও সুযোগসুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, তাদের কাছে তা ভালো ভাবে পৌঁছে দেওয়া। ৭) চাহিদা ও জোগানের মধ্যে ফারাক দূর করা। স্বাস্থ্যবিধির সামাজিক ও বৃত্তিগত দিক মানুষকে দিয়ে হাতে বা মাথায় করে জঞ্জাল ও বর্জ্য সাফাই বন্ধ করতে আরও অনেক কিছু কাজ আমাদের এথন করতে হবে। দেশের স্যানিটেশনের কাজে যুক্ত কর্মীদের বৃত্তি বা পেশাগত ঝুঁকি থেকে রক্ষা করতে উপযুক্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা বিশেষ ভাবে জরুরি। যে সমস্ত পরিবারের শৌচাগার বলতে কিছু নেই, তাদের জন্য উপযুক্ত শৌচাগার নির্মাণের মাধ্যমে এই ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্থার সঙ্গে সমন্বয় অনাময় ও পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রশাসনিক সংস্থা ও সংশ্লিষ্ট দফতরগুলির ভূমিকা সুস্পষ্ট ভাবে চিহ্নিত করা প্রয়োজন। প্রতিটি সংস্থার উচিত তার জন্য সুনির্দিষ্ট ভূমিকা পুরোপুরি পালন করা। একই কাজের পুনরাবৃত্তি যাতে আবার না ঘটে, সেই বিষয়টিও আবার সুনিশ্চিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও পদক্ষেপ সারা দেশজুড়ে শুরু হওয়া এ ধরনের একটি জাতীয় কর্মসূচি সফল করে তুলতে এমএনআরইজিএস, এমপিল্যাডস এবং অন্যান্য প্রকল্পগুলির মধ্যে সমন্বয় ও সংযুক্তিকরণ একান্ত জরুরি। এর মাধ্যমে যে যে কাজ সম্ভব করে তোলা যায়, তার মধ্যে রয়েছে— ক) গৃহস্থ বাড়ি, স্কুল,অঙ্গনওয়াড়ি এবং সমস্ত সমষ্টির ব্যবহার্য স্থানগুলিতে শৌচাগার নির্মাণ। খ) প্রতিটি পরিবারের ব্যবহারের জন্য ব্যক্তিগত শৌচাগার গড়ে তোলা। সমষ্টির জন্য ব্যবহার্য শৌচাগারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য এককালীন অনুদান বা অর্থ মঞ্জুরির ব্যবস্থা। গ) আদর্শ গ্রাম যোজনা সহ অন্যান্য কেন্দ্র অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে সমন্বয় ও যোগসূত্র স্থাপন। বিভিন্ন দফতর ও মন্ত্রকের মধ্যেও এই সমন্বয় সাধন বিশেষ জরুরি। সূত্র : যোজনা, জানুয়ারি ২০১৫