স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্তমাফিক অনুদান (এইচএমডিজি), রাষ্ট্রীয় আরোগ্য নিধি (আরএএন), স্বাস্থ্যমন্ত্রীর ক্যান্সার রোগী তহবিল (এইচএমসিপিএফ) থেকে আর্থিক সহায়তা পাওয়ার মানদণ্ড নিম্নরূপ : স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্তমাফিক অনুদান (এইচএমডিজি) যে সব রোগীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার নীচে এবং যাঁরা গুরুতর অসুস্থতায় ভুগছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে, যেখানে বিনামূল্যে চিকিৎসার সুবিধা নেই, সেখানে খরচের আংশিক ব্যয় বহন করতে এইচএমডিজি-র অধীনে আর্থিক সহায়তা করা হয়। আর্থিক সহায়তার সীমা নিম্নরূপ : যদি চিকিৎসার খরচের হিসাব মোটামুটি এক লক্ষ টাকা হয় সে ক্ষেত্রে ৫০,০০০ টাকা। চিকিৎসার খরচের হিসাব মোটামুটি এক লক্ষের বেশি কিন্তু ১,৫০,০০০ টাকা পর্যন্ত হলে ৭৫,০০০ টাকা। চিকিৎসার খরচের হিসাব মোটামুটি দেড় লক্ষের বেশি হলে ১ লক্ষ টাকা। রাষ্ট্রীয় আরোগ্য নিধি (আরএএন) রাষ্ট্রীয় আরোগ্য নিধিতে দারিদ্রসীমার নীচে থাকা রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাঁরা জীবন সংশয় এমন রোগের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। যে হাসপাতালে রোগী চিকিৎসা চলছে ‘এককালীন’ সাহায্য হিসাবে সরাসরি সেই হাসপাতালের মেডিক্যাল সুপারিটেন্ডেটের কাছে অর্থ প্রদান করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর ক্যানসার রোগী তহবিল (এইচএমসিপিএফ) স্বাস্থ্যমন্ত্রীর ক্যান্সার রোগী তহবিলের জন্য শর্তাবলি নিম্নরূপ: দারিদ্রসীমার নীচে থাকা ক্যান্সার আক্রান্ত রোগীদের যদি ২৭টি আঞ্চলিক ক্যানসার চিকিৎসা কেন্দ্রের যে কোনও একটিতে চিকিৎসা চলে সে ক্ষেত্রে অর্থসাহায্য দেওয়া হয়। রোগীদের ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য সংশ্লিষ্ট হাসপাতালের তহবিল থেকে দেওয়া হয়। এর চেয়ে বেশি অর্থসাহায্য দিতে হলে সংশ্লিষ্ট হাসপাতালকে কেন্দ্রীয় তহবিলের জন্য দরবার করতে হয়। দরিদ্র রোগীদের জন্য আর্থিক সহায়তার শর্তাবলি: আবেদনকারীকে সংশ্লিষ্ট চিকিৎসক/এইচওডি-র পূরণ করা নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। তাতে যে হাসপাতালে চিকিৎসা চলছে তার হাসপাতাল সুপারিটেন্ডেন্ট স্বাক্ষর করবেন। এর সঙ্গে বিডিও/তহশিলদার/কালেক্টর/এসডিএমের দেওয়া আয়ের শংসাপত্র (আসল) জুড়ে দিতে হবে। বিপিএল তালিকাভুক্ত আবেদনকারী পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য যেমন রেশন কার্ডের প্রত্যয়িত নকল জুড়ে দিতে হবে। স্বাস্থ্য পরিষেবার ডিজি এই প্রস্তাবটি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ বিবেচনা করে যোগ্য রোগীকে অর্থ সাহায্যের অনুমোদন দেন। প্রদেয় অর্থ সাহায্যের চেক সংশ্লিষ্ট হাসপাতালের নামে ইস্যু হয়। পরে এই অর্থ ব্যবহারের সার্টিফিকেট মন্ত্রকে জমা দিতে হয়।